আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Anubrata Mandal : ভোটে ধাক্কা, নিরাপত্তায় কোপ: গৃহবন্দি কেষ্ট, ফাঁকা পার্টি অফিস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-ভোটে ভরাডুবির পরও নিয়ম করে দলীয় কার্যালয়ে আসতেন তিনি। কিন্তু ওয়াই প্লাস নিরাপত্তা প্রত্যাহারের পর থেকে কার্যত ঘরবন্দি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের চণ্ডিদাস রোডের জেলা কার্যালয় এখন কর্মীশূন্য, সুনসান।

এবার বীরভূমের ১১টি আসনের ভোটযুদ্ধ পরিচালিত হয়েছিল অনুব্রত মণ্ডল ও জেলা কোর কমিটির রণকৌশলেই। কিন্তু ফল প্রত্যাশামাফিক হয়নি। ১১টির মধ্যে ৬টিতেই জয় পেয়েছে বিজেপি। বোলপুর শহরেও পিছিয়ে পড়েছে তৃণমূল।

ফল ঘোষণার পরও বিকেল সাড়ে চারটে নাগাদ নিয়ম করে নিচুপট্টির দলীয় কার্যালয়ে আসতেন জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত। ঘণ্টা দুয়েক থেকে বাড়ি ফিরতেন। কিন্তু নিরাপত্তা তুলে নেওয়ার পর আর পার্টি অফিসমুখো হননি তিনি।

কোর কমিটির কোনও সদস্যই ৪ মে-র পর থেকে কার্যালয়ের চৌকাঠ মাড়াননি। দলীয় কর্মীদেরও দেখা নেই। কার্যালয়ের সামনের চায়ের দোকানে বসে থাকা কয়েকজন কর্মী জানালেন, “গণনার দিন সকালে উপচে পড়া ভিড় ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমতে শুরু করে। তারপর থেকে আর তেমন আনাগোনা নেই। বোলপুরে হারায় হতাশা আরও বেড়েছে।”

অনুব্রতর ওয়াই প্লাস নিরাপত্তায় ছিলেন ১০ জন দেহরক্ষী। সামনে-পিছনে পাইলট গাড়ি, বাড়িতে চারজন পুলিশকর্মী। কয়েক দিন আগে ওয়াই প্লাস তুলে নিয়ে রাখা হয় দুজন দেহরক্ষী ও বাড়িতে একজন পুলিশকর্মী। শেষমেশ সেই নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে।

নিরাপত্তা উঠে যাওয়ার পর থেকে কার্যত গৃহবন্দি অনুব্রত। এ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি তিনি।

ভোটের ফল আর নিরাপত্তা প্রত্যাহার— জোড়া ধাক্কায় ছন্দপতন বীরভূম তৃণমূলে। যে কার্যালয় একসময় গমগম করত, আজ সেখানে শুধুই নীরবতা। জেলার রাজনীতির ‘কেষ্ট’ এখন নজরবন্দি নিজের বাড়িতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *