আবার ও উত্তপ্ত ভাঙ্গড়, তৃণমূলের মিছিলে বোমাবাজি অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ভোটের মুখে আবারো উত্তপ্ত ভাঙ্গড় । গতকাল ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যার সময় তৃনমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লার সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল চলছিল । ওই মিছিলের ওপর বোমা মারার অভিযোগ আইএসএফ কর্মীদের বিপক্ষে। ঘটনার তদন্তে পোলেরহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। অভিযোগ তৃণমূল নেতা খয়রুল ইসলামের নেতৃত্বে সাতুলিয়া এলাকায় একটি মিছিল হচ্ছিল। সেই সময় সাতুলিয়া মাদ্রাসা ও তেতুল তলার কাছে মিছিল লক্ষ্য করে মুহু মুহু বোমা মারা হয় বলে অভিযোগ। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পোলেরহাট থানার বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুটি বোমা উদ্ধার করে পুলিশ। যদিও আইএসএফের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি তারা (তৃনমূল) নিজেরা বোমা মেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এর সঙ্গে আইএসএফের কোনো যোগ নেই।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা খয়রুল ইসলাম আই এস এফ এর উদ্দেশ্যে বলেন ” বোমা শিল্প করে তৃণমূল কর্মীদের দমিয়ে রাখা যাবে না, ভয় পাওয়ানো যাবে না। যদি শান্ত ভাঙ্গরকে অশান্ত করার চেষ্টা করো তার ফল ভালো হবে না ” । বিষয়টি নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে।
