ইরানের বন্দর ঘিরে রেখেছে আমেরিকার রণতরী, শান্তি বৈঠকের ভবিষ্যৎ কি ?
কিউ ইন্ডিয়া বাংলা :- ইরান – আমেরিকা সংঘাতে নতুন মোড় l পাকিস্তানের ইসলামাবাদে এই দুই দেশের মধ্যে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে গিয়েছিল l তার পর থেকে সেনা পাঠিয়ে ইরানের বন্দরগুলিতে অবরোধ শুরু করেছিলো আমেরিকা l এ বার ঝাঁঝ আরও বাড়ল। না। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অবরোধে কমবেশি ১০ হাজার আমেরিকান সেনা, এক ডজনের বেশি রণতরী এবং ১০০-র উপর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা।
সামাজিক মাধ্যম X এ ইরানকে আমেরিকান সেনার সংখ্যা জানিয়ে রীতিমতো ধমক দিয়েছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড l তারা লিখেছে, ‘আব্রাহাম লিঙ্কন মোতায়েন রয়েছে। ১০০-রও বেশি যুদ্ধজাহাজ লাগাতার টহল দিচ্ছে। প্রত্যেক বাঁকে ওত পেতে রয়েছে ১২টি রণতরী। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ১০ হাজার সেনা। অক্ষরে অক্ষরে প্রেসিডেন্টের নির্দেশ মানতে হবে।’ জানা যাচ্ছে , ইরানের বন্দর এবং উপকূল এলাকা ঘিরে ফেলেছে আমেরিকান সেনা। কোনও দেশের জাহাজ ঢুকতে বা বেরতে পারছে না। সন্দেহ হলেই চলছে তল্লাশি। এই সামরিক পদক্ষেপে খুশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, ‘খুব ভালো অবরোধ হচ্ছে। তবে এটা আমাদের কাছে স্বাভাবিক। নৌবাহিনী অসাধারণ কাজ করছে। কোনও জাহাজ আমাদের নজর এড়িয়ে যেতে পারবে না।’ এই অবরোধ শুধু ইরানের বন্দর এবং উপকূল এলাকায় চলছে বলে দাবি করেছেন আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেন। তিনি বলেন, ‘ইরানের বন্দর থেকে কোনও জাহাজই বেরতে পারবে না। তবে হরমুজ়ে কোনও ভয় নেই। ইরানের আঞ্চলিক জলসীমা ও আন্তর্জাতিক জলসীমাতেই অবরোধ চলছে।’ যে কোনও সময়ে আমেরিকান সেনা বড়সড় সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
গত মঙ্গলবার দ্বিতীয় দফার শান্তি বৈঠকের কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প l তিনদিন কেটে গেলেও সেই বৈঠক কোথায় হচ্ছে , কবে হচ্ছে কিছু জানা যায়নি l এই আবহে ইরানের বন্দরে আমেরিকার এই সামরিক পদক্ষেপ উৎকণ্ঠা বাড়াচ্ছে l তাহলে কি আবার যুদ্ধ শুরু ? সেই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে l
