আজকের দিনেতিলোত্তমা

জোড়া তলবে চাপে অভিষেক, সিআইডি-র পর এবার ইডি-র সমন কালীঘাটে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভায় স্বাক্ষর বিতর্কে নাম জড়ানোর পর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার বিকেলে সমন হাতে তাঁর বাড়িতে যান ইডি-র দুই আধিকারিক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৫ জুন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে স্বাক্ষর বিতর্কে আগামী সোমবার তাঁকে তলব করেছে সিআইডিও।

বুধবার বিকেলে হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান ইডির দুই আধিকারিক। প্রথমে তাঁরা ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে যান। সেখানে ডায়মন্ড হারবারের সাংসদ থাকেন না জানার পর কালীঘাটের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। ফলে দীর্ঘক্ষণ ‘যুবরাজ’-এর বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। পরে এক আধিকারিক ইডির ওই সমন গ্রহণ করেন বলে খবর।ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইতিমধ্যে বিধানসভায় স্বাক্ষর বিতর্কে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় আগামী সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। এর মধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নয়া সমন তাঁর আইনি জটিলতা আরও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিবিআই ও ইডি, দুই সংস্থাই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

একদিকে সিআইডি-র তলব, অন্যদিকে ইডি-র নয়া সমন। দুই কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার জোড়া চাপে আপাতত ‘যুবরাজ’। ১৫ জুন ইডি-র দফতরে তিনি হাজিরা দেন কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *