বাংলার পর এবার লন্ডন, বাংলাদেশের দুই এনসিপিকে নেতাকে ‘ডিম হামলা’, অভিযুক্ত আওয়ামি লিগ!
কিউ ইন্ডিয়া বাংলা- বাংলায় ডিম আতঙ্ক ঘিরে চাঞ্চল্য। প্রথমে বাংলার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর সব্যসাচী দত্ত, এর পর তৃণমূলের ছোট বড় নেতা থেকে হেভিওয়েট। বাদ গেলেন না কুণাল ঘোষও। সকলকে ডিম রোষের শিকার হতে হয়। এবার বাংলার ডিম থেরাপির সংক্রমণ ছড়িয়ে পড়ল লন্ডনেও। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা তথা সেখানকার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাকে লক্ষ্য করে ডিম হামলা চালানোর অভিযোগ উঠল। অভিযোগের তির ব্রিটেনে বসবাসী আওয়ামি লিগ নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় লন্ডন পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছেন আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেকও। আওয়ামি লিগের এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এনসিপির ব্রিটেনের সংগঠন। তবে অভিযোগ অস্বীকার করে লন্ডনে আওয়ামি লিগের সংগঠকরা দাবি করেছেন, এমন কোনও প্রতিবাদ কর্মসূচি লিগের ছিল না।
ডিম হামলার ঘটনায় তাদের কেউ জড়িত নন। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তরাঁয় ব্রিটেনে এনসিপির শাখা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হাসনাত আবদুল্লা ও তাঁর দলের যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক। অনুষ্ঠান শুরুর আগে একটি পার্কে হাঁটছিলেন তারা। সেই সময়ে আওয়ামি লিগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে এবং এহতেশামুলকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। প্রাণভয়ে তাঁরা স্থানীয় একটি হোটেলে আশ্রয় নেন।
গোলমালের খবর পেয়ে সেখানে পুলিশ ভিড় হঠানোর আগেই হাসনাতের গায়ে এসে পড়ে ডিম। একই ঘটনা ঘটে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়েও। পুলিশ তড়িঘড়ি হাসনাত আবদুল্লা ও এহতেশামুল হককে জনরোষ থেকে উদ্ধার করে। ভিড়ের মধ্যে থেকে ডিম ছোড়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হয়। এই ঘটনার জেরে অনুষ্ঠানে প্রায় তিনঘণ্টা দেরিতে যান বাংলাদেশের এনসিপির সংসদ সদস্য। তাঁর বক্তব্য শুরু হয় দেরিতে। এই ঘটনায় এনসিপির ব্রিটেনের সংগঠন আওয়ামি লিগের তীব্র সমালোচনা করেছে।
