আজকের দিনেখেলা

নেমেই কয়েক সেকেন্ডের মধ্যে গোল, মেসি-ম্যাজিকে বিশ্বকাপের আগে ঝলমলে আর্জেন্টিনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- চোট কাটিয়ে ফিরেই মাঠে নামার ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করলেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। নিজে গোল করার পাশাপাশি তৃতীয় গোলের ভিতও গড়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। ‘দ্য লাস্ট ড্যান্স’-এর আগে মেসির এই প্রত্যাবর্তনে স্বস্তিতে ভক্তরা।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তারকা ফুটবলারদের অনেককেই প্রথম একাদশে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। তরুণদের উপর ভরসা রেখেছিলেন তিনি। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। কিন্তু বল গোলে রাখতে পারেননি মাইকেল এলার্টসন। এরপর ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা।

বাঁ প্রান্ত থেকে বারবার আক্রমণ শানান ভ্যালেন্তিন বার্কো। অষ্টম মিনিটে প্রথম গোল আসে তাঁর পা থেকেই। ফ্রি-কিক ক্লিয়ার করতে ব্যর্থ হন আইসল্যান্ডের ডিফেন্ডাররা। ফিরতি বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে গোল করেন বার্কো। প্রথমার্ধে আরও কয়েকবার বিপক্ষ বক্সে ভাঙন ধরান তিনি। নিকো পাজ়কে নিখুঁত থ্রু বল বাড়ালেও ফিনিশ করতে পারেননি তরুণ ফুটবলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ পরিবর্তন করেন স্কালোনি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ়, এনজ়ো ফার্নান্দেজ়রা মাঠে নামেন। তবে স্টেডিয়ামে উপস্থিত ৮৮০৪৩ জন দর্শক অপেক্ষা করছিলেন একজনের জন্য। ৭০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি।

মেসি-ম্যাজিক দেখতে দেরি হয়নি। প্রথমবার বল পেয়েই মাঝমাঠ থেকে ডিফেন্সচেরা পাস বাড়ান লাউতারোকে। বক্সে ঢুকে পড়া লাউতারোকে আটকাতে গিয়ে ফাউল করেন বিপক্ষের ডিফেন্ডাররা। পেনাল্টি পায় আর্জেন্টিনা। ঠান্ডা মাথায় গোল করেন মেসি। মাঠে নামার ১১৯ সেকেন্ডের মধ্যে দলের লিড বাড়ান তিনি।

চোট সরিয়ে যে পুরো ছন্দে ফিরেছেন লিও, সেটা বুঝিয়ে দিলেন। গোল করেই থামেননি মেসি। ৮৫ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। এবারেও আক্রমণ শুরু হয় মেসির পা থেকে। রদ্রিগো দে পলকে পাস বাড়ান তিনি। বক্সে মাইনাস রাখেন দে পল। সেই বল জালে জড়িয়ে দেন থিয়াগো আলমাদা। ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ইন্টার মায়ামির হয়ে মেজর লীগ সকার এর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পরে এতদিন মাঠে নামেননি মেসি। ফলে বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে চিন্তায় ছিলেন সমর্থকরা। বুধবার সব জল্পনা উড়িয়ে দিলেন তিনি। ১৬ জুন থেকে বিশ্বকাপে যাত্রা শুরু করবে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজিরিয়া। তার আগে দলের প্রস্তুতি এবং মেসির ফর্ম স্বস্তি দিচ্ছে স্কালোনিকে। ‘লাস্ট ড্যান্স’ স্মরণীয় করে রাখতে প্রস্তুত লিওনেল মেসিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *