BJP : উত্তরবঙ্গের রায়ে গেরুয়া উল্লাস, ৫৪ কেন্দ্রের মধ্যে বিজেপি পেল কটি ?
কিউ ইন্ডিয়া বাংলা:- বঙ্গের ভোটে গেরুয়া ঝড়। আর এই ঝড়ে বড় অবদান রাখল উত্তরবঙ্গ। ২০১৯-এর লোকসভা থেকে শুরু করে ২০২১ সালের বিধানসভায় বারংবার বিজেপির উপর ভরসা করেছেন উত্তরবঙ্গের ভোটারেরা। এ বারের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে ২০০ পার করাতে বড় ভূমিকা নিল গোটা উত্তরবঙ্গ। পাহাড় থেকে ডুয়ার্স হয়ে কোচবিহার—কার্যত সুনামি বইয়ে দিয়েছে বিজেপি। ভালো ফল করেছে মালদা ও দুই দিনাজপুরেও। পাহাড়-ডুয়ার্স থেকে কার্যত ধুলিস্যাৎ তৃনমূল।
বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৪টি আসন। মোট ৮ টি জেলায় ছড়িয়ে রয়েছে আসনগুলি। দার্জিলিং জেলায় রয়েছে ৫টি আসন। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও শিলিগুড়ি। পাঁচটি আসনেই জিতেছে বিজেপি। জলপাইগুড়িতে রয়েছে ৭টি আসনের প্রত্যেকটিতে জয়ী বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়িতে রেকর্ড ভোটে প্রায় ১ লক্ষ্য ব্যবধানে (৯৭৭১৫) জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। কালিম্পং জেলায় যে একটি আসন, সেটি গিয়েছে বিজেপির দখলে। কোচবিহারের ৯টি আসনের মধ্যে সিতাই ছাড়া বাকি সব গেরুয়া শিবিরের দখলে। আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভা আসনের মধ্যে সবক’টিতেই হয় জয়ী হয়েছে বিজেপি।
উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ৯টি আসন। অন্যান্য জেলার থেকে এই জেলায় ভালো ফল করেছে তৃণমূল। ৯টির মধ্যে ৫টিতে (চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, ইটাহার) জয়ী তৃণমূল। অন্যদিকে বাকি চারটি (করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ) আসনে জিতেছে ভারতীয় জনতা পার্টি।
দক্ষিণ দিনাজপুরে ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি বিজেপির দখলে গিয়েছে। অন্যদিকে কুমারগঞ্জ ও হরিরামপুরে তৃণমূল জিতেছে।
মালদায় রয়েছে ১২টি বিধানসভা আসনে বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে তৃণমূল। ১২টির মধ্যে ৬টি আসন জিতেছে বিজেপি (মালদা, মানিকচক, ইংরেজবাজার, বৈষ্ণবনগর, হবিবপুর ও গাজোল)। বাদ বাকি ৬টি আসনে (চাঁচল, মোথাবাড়ি, সুজাপুর, মালতিপুর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর) জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
