IPL-Cricket : মাঠের বাইরেও উত্তাপ ! সমর্থককে ‘হুমকি’ দিয়ে শিরোনামে ক্লাসেন, SRH শিবিরে অস্বস্তি !
কিউ ইন্ডিয়া বাংলা:- ভারতবর্ষে ক্রিকেট নিয়ে আবেগের শেষ নেই। আর ক্রিকেটারদের নিয়ে মাতামাতি লেগেই থাকে। পছন্দের ক্রিকেটারদের কাছে পৌঁছতে অনেক সময় ভক্তরা সীমা লঙ্ঘন করে ফেলেন । ঠিক সেরকমই ঘটনা ঘটল সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার হেনরিক ক্লাসেনের সঙ্গে। ভক্তদের জ্বালায় এতটাই অতীষ্ঠ যে রীতিমতো মেরে শুইয়ে দেওয়ার হুমকি দিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। ঠিক কী ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এর সঙ্গে?
জয়পুরে রাজস্থানকে হারিয়ে সপরিবারে হায়দ্রাবাদে ফিরছিলেন ক্লাসেন। বিমানবন্দরেই যত বিপত্তি ঘটে। এক নাছোড়বান্দা ভক্ত ক্লাসেনের সঙ্গে ছবি তোলার জন্য জোর করতে থাকেন। কিছুতেই তিনি পিছু ছাড়ছিলেন না। শেষমেশ হুমকি দিতে বাধ্য হন ক্লাসেন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। সেখানে ক্লাসেনকে বলতে শোনা যায় “আমার কথা খুব ভালো করে শোনো। আমি বারবার না করছি। ছবি তুলো না। দয়া করে এখান থেকে চলে যাও।” তাতেও ওই ভক্ত থামেননি। বাধ্য হয়ে ক্লাসেন ফের বলেন, “যদি আমি পিছনে ঘুরি, আর তুমি সেই ফাঁকে আমার ছবি তোলো, তাহলে মেরে শুইয়ে দেব। তাই বলছি এখান থেকে চলে যাও। চুপচাপ এখান থেকে চলে যাও। কোনও ছবি তুলো না। এটা আমার পরিবার। ক্যামেরা নিয়ে চলে যাও।” তবে তারপর কী হয়েছে জানা যায়নি।
চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন প্রোটিয়া ক্রিকেটার হেনরিক ক্লাসেন। এই সিজনে এখনো পর্যন্ত তিনি ৪১৪ রান করেছেন। কমলা টুপির দৌড়েও আছেন তিনি । এরই মাঝে সমর্থকের সঙ্গে তার বিতর্কে জড়ানোর ঘটনা প্রকাশ্যে এলো ।
