বঙ্গে নির্বাচনের আবহে বিপুল পরিমাণ জিনিস বাজেয়াপ্ত , জেনে নিন তার আর্থিক মূল্য?
কিউ ইন্ডিয়া বাংলা:- ভোটের আবহে গোটা রাজ্যে চলছে কড়া তল্লাশি। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে গাড়ি-বাইকে চলছে নাকা তল্লাশি। অনেক সময়ে উদ্ধার হচ্ছে টাকা, কখনও পাওয়া যাচ্ছে মাদকদ্রব্য বা অন্য কিছু। বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গ থেকে কী কী উদ্ধার হয়েছে, তার অঙ্ক সামনে এনেছে নির্বাচন কমিশন ।
উল্লেখ্য , বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ে ৩৩৯ কোটি টাকার সামগ্রী ও নগদ উদ্ধার হয়েছিল। সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে এ বারের বিধানসভা নির্বাচনে। কমিশন সূত্রে খবর, ২৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ৩০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। ৪৮,৪৬,১৮৩ লিটার মদ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য ১২৬.৮৫ কোটি টাকা।
১১০.১২ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার হয়েছে । ৫৮.২৮ কোটি টাকার দামী ধাতু উদ্ধার হয়েছে । এছাড়াও ১৮৪.৮৫ কোটি টাকার অন্য সামগ্রী উদ্ধার হয়েছে।সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য ৫১০.১০ কোটি টাকা ।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাকা তল্লাশির জন্য ৩১৪২টি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম রয়েছে। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন তার আগে রাজ্য জুড়ে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে নির্বাচন কমিশন।
