Trapped Under Rubble : ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা বন্দি! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে প্রকৃতির তাণ্ডবের মাঝে মিরাকল! কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হল এক দুধের শিশু। নেপাল সেনার উদ্ধারের সেই ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।(Trapped Under Rubble)
ভিডিওটি শেয়ার করেছেন নির্মল প্রসাই নামে এক ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, কাদা ও জঞ্জালের মধ্যে আটকে কাঁদছে শিশুটি। জল-কাদা ও অনাহারে অত্যন্ত বেহাল অবস্থা। সেখান থেকে কোলে করে তাকে বের করে আনেন সেনা জওয়ানরা। যত্ন সহকারে তার শরীর মুছিয়ে চামচে করে জল ও খাবার খাওয়ানো হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি।
ভয়াবহ বন্যার ৪৮ ঘণ্টা পর শিশুটিকে জীবিত খুঁজে পাওয়া অলৌকিকের চেয়ে কম নয় বলে মত নেটিজেনদের। উদ্ধারের জন্য নেপাল সেনাকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।(Trapped Under Rubble)
এদিকে সময় যত গড়াচ্ছে নেপাল বিপর্যয়ের ক্ষত আরও স্পষ্ট হচ্ছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৬০০-র বেশি মানুষের, নিখোঁজ ২০০০-এর বেশি। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, নিখোঁজ ৩২০ জন ভারতীয়। তিব্বত সীমান্তের আশপাশে আটকে পড়েছেন আরও অনেকে। শনিবার নেপাল উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দলগুলিকে প্রবেশের অনুমতি দেওয়ার পর ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে সহায়তাকারী দল আসতে শুরু করেছে। কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তার বার্তা দিয়েছে দিল্লি।(Trapped Under Rubble)
একদিকে মৃত্যু-ধ্বংসের সারি, অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে দুধের শিশুর জীবিত ফিরে আসা — এই ভিডিওই এখন আশার আলো দেখাচ্ছে বিপর্যস্ত নেপালে।
