Infosys CEO : নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ ইনফোসিসের সিইও, উদ্বিগ্ন সংস্থা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এভারেস্টের দেশে প্রলয়। ভয়াবহ বন্যা ও ধসে মৃত ৬৫০-র বেশি, নিখোঁজ ২০০০-এরও বেশি মানুষ। সেই নিখোঁজদের তালিকায় রয়েছেন ইনফোসিস পাবলিক সার্ভিসেস-এর সিইও ল্যাক্স গোপিসেট্টি। শুক্রবার সংস্থার তরফে বিবৃতি দিয়ে তাঁর নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।(Infosys CEO)
জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে নেপাল গিয়েছিলেন ল্যাক্স গোপিসেট্টি। তারপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইনফোসিসের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা নিশ্চিত করছি ল্যাক্স গোপিসেট্টির সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না। আমরা সরকারি আধিকারিক ও এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তথ্য জোগাড় করার চেষ্টা করছি। তাঁর পরিবারের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে।”
ইনফোসিসের ওয়েবসাইট অনুযায়ী, ল্যাক্সের মূল কাজের ক্ষেত্র ছিল আমেরিকা ও কানাডার সরকারি খাতে। দীর্ঘদিন ধরে সংস্থার সঙ্গে যুক্ত তিনি।(Infosys CEO)
এদিকে নেপালে বিপর্যয় ক্রমশ ভয়াবহ হচ্ছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সেখানে ৩২০ জন ভারতীয় নিখোঁজ। তিব্বত সীমান্তের কাছে আটকে বহু মানুষ। কাঠমান্ডুকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে দিল্লি। ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে উদ্ধারকারী দল ইতিমধ্যেই নেপালে পৌঁছেছে।
সময় যত গড়াচ্ছে, নেপাল বিপর্যয়ের ক্ষত ততই স্পষ্ট হচ্ছে। ইনফোসিস সিইও-র খোঁজে উদ্বেগে তাঁর পরিবার ও সংস্থা। সরকারি এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ইনফোসিস।(Infosys CEO)
