সুস্থ থাকতে স্যালাডে জোর দিচ্ছেন? ভুলেও কাঁচা খাবেন না এই পাঁচটি সবজি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ সুস্থ থাকতে এবং মেদ ঝরাতে এখন অনেকেই বিভিন্ন রকম স্যালাডের ওপর জোর দিচ্ছেন। আর স্যালাড মানেই কাঁচা সবজি। শসা বা টমেটো খাওয়া নিরাপদ হলেও, সব সবজি কিন্তু কাঁচা খাওয়া একদম উচিত নয়।ডাক্তারদের মতে, কিছু সবজি আছে যা কাঁচা খেলে উপকারের চেয়ে অপকারই হয় বেশি।
কোন কোন সবজি কাঁচা খাবেন না?
১. ক্যাপসিকাম বা বেল পেপার:
ক্যাপসিকামের বাইরে এবং বীজে অনেক সময় অদৃশ্য জীবাণু থেকে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ক্যাপসিকাম ব্যবহারের আগে এর বীজগুলো বের করে ফেলে দিতে হবে। এরপর খুব ভাল করে ধুয়ে হালকা আঁচে একটু সেদ্ধ করে নিন। এতে সংক্রমণের ঝুঁকি কমে এবং এটি সহজে হজম হয়।
২. ব্রকোলি
ব্রকোলিকে সুপারফুড বলা হলেও এটি কাঁচা খাওয়া পেটের জন্য খারাপ। চিকিৎসকের কথায়, কাঁচা ব্রকোলিতে থাকে জটিল ফাইবার এবং ‘গয়ট্রোজেনিক’ উপাদান, যা পেটে গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা তৈরি করতে পারে। এছাড়া এটি থাইরয়েডের স্বাভাবিক কাজেও বাধা দেয়। তবে হালকা ভাপে সেদ্ধ করে নিলে এই ক্ষতিকর উপাদানগুলো ভেঙে যায় এবং পুষ্টিগুণ শরীরে দ্রুত শোষিত হয়।
৩.পালং শাক
পালং শাকের মধ্যেও থাকে প্রচুর পরিমানে পুষ্টিগুণ। আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম এবং জিঙ্ক। পালং শাক খুব ভালভাবে রান্না করে খেলে এই পুষ্টিগুলো শোষণ করা শরীরের জন্যেও অনেক সহজ হয়ে যায়। কাঁচা অবস্থায় পালং শাক খেলে, তার মধ্যে থাকা অক্সালিক অ্যাসিড আয়রন শোষণে বাধা দেয়। তাই পালং শাক সব সময় রান্না করে খাবেন।
৪.বাঁধাকপি,
এর মধ্যে প্রচুর ফাইবার এবং সালফার থাকে। ফলে কাঁচা অবস্থায় খেলে পেট ফাঁপা বা গ্যাসের মত সমস্যা হতে পারে । এছাড়া এগুলো ভালো করে ধুয়ে ও রান্না করে খাওয়া উচিত, কারণ এতে অনেক সময় পরজীবী থাকতে পারে ।
৫.গাজর
স্যালাডের জন্য আমরা সাধারণত গাজরকেই প্রথমে বেছে নিই।সেক্ষেত্রে আমরা এটি কাঁচাই খাই। গাজরের মধ্যে থাকা ভিটামিন ‘ও’ এবং ক্যারোটিনয়েড থাকে, যা শরীরের একাধিক কাজে লাগে। হাড় শক্ত করতে, দৃষ্টিশক্তি বাড়াতে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে এটি খুবই উপকারী।তবে গাজরকে খুব ভাল করে সিদ্ধ করে নিয়ে তবেই খান। গাজর ভেজে খাবেন না। তখন এতে ক্যারটিনয়েডের পরিমাণ কমে যায়।
