নালন্দায় বিবাহিতাকে বিবস্ত্র করে গণধর্ষণের চেষ্টা, বাধা না দিয়ে ভিডিও তুলল জনতা
কিউ ইন্ডিয়া বাংলা, নালন্দাঃ ডবল ইঞ্জিন শাসিত বিহারে ফের নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। নালন্দা জেলার নুরসরাই থানা এলাকায় এক বিবাহিত মহিলাকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার ঘটনায় শিউরে উঠছে দেশ। অভিযোগ, যখন দুষ্কৃতীরা মহিলার ওপর পাশবিক অত্যাচার চালাচ্ছিল, তখন উপস্থিত জনতা তাকে উদ্ধার না করে মোবাইলে ভিডিও তুলতেই ব্যস্ত ছিল।
ঘটনাটি গত ২৬ মার্চের। নির্যাতিতা ওই মহিলা বর্তমানে বাবার বাড়িতে থাকছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাজার সেরে ফেরার পথে স্থানীয় অজয়পুর গ্রামের তিন যুবক তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় তাঁকে জাপটে ধরে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয়। মহিলাটি প্রাণপণে চিৎকার করে সাহায্যের আবেদন জানালেও ভিড় করে থাকা মানুষ নির্বিকারভাবে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে থাকে। পরবর্তীকালে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকায় নালন্দা পুলিশ তড়িঘড়ি অভিযানে নামে। এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা অশোক যাদব (পিতা- পাচু যাদব), নবনীত কুমার নরোত্তম ওরফে মাতলু মাহতো (পিতা- প্রয়াত হরিহর মাহতো)। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর একাধিক ধারায় (৭৪/৭৫/৭৬ সহ অন্যান্য) মামলা রুজু করা হয়েছে।
বিজেপি-জেডিইউ জোট শাসিত রাজ্যে এই নৃশংস ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ অপরাধীদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি তুলেছেন। বিরোধীদের পক্ষ থেকেও নীতীশ কুমার সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী সুরক্ষা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছে।
