আজকের দিনেতিলোত্তমা

​”অধিকার কেড়ে নিতে দেব না”, রেড রোডের ইদ মঞ্চ থেকে বিজেপি ও কমিশনকে কড়া হুঁশিয়ারি মমতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: প্রতি বছরের মতো এ বছরও রেড রোডের ইদের অনুষ্ঠানে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের উৎসবের মঞ্চ থেকে যেমন ছিল সম্প্রীতির বার্তা, তেমনই সুর চড়ালেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবেন। শনিবার সকালে রেড রোডের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
​রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং সেখান থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলার রাজনীতি। এদিন সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন-
অধিকার রক্ষা: “এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আমাদের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না।”
​কমিশনকে তোপ: তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্রের শাসকদলের হয়ে কাজ করছে। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন যে, তিনি নিজে দিল্লি গিয়ে কমিশনের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে এসেছেন।
​নির্ভীক বার্তা: “আমরা কোনোভাবেই ভয় পাই না, আমরা লড়াই করতে জানি,” এই ভাষাতেই আত্মবিশ্বাস উসকে দেন তৃণমূল নেত্রী।
এদিন সকালের বৃষ্টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই বৃষ্টি আসলে আশীর্বাদ। সর্বশক্তিমান আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার শক্তি দিচ্ছেন।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন। তাঁর কথায়, “ভাইয়ে-ভাইয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিওয়ালিতে রাম থাকলে ইদে আছেন রহিম। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথ পালন করা হয়। বাংলার এই সম্প্রীতি অটুট থাকবেই।”
রেড রোডের অনুষ্ঠান শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যান লাল মসজিদে। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার প্রাক্কালে ইদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই ‘অভয়বাণী’ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। একদিকে এনআরসি বা এসআইআর নিয়ে মানুষের আতঙ্ক দূর করা, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা—সব মিলিয়ে রেড রোড থেকে আজ ভোটের বাদ্যি আরও চড়া সুরে বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *