ভোটের মুখে হুমায়ুন পরিবারে বড় ভাঙন! তৃণমূলের ঝাণ্ডা হাতে নিচ্ছেন জামাই রাইহান
কিউ ইন্ডিয়া বাংলাঃ- বিধানসভা নির্বাচনের ঠিক মুখে মুর্শিদাবাদের রাজনীতিতে নাটকীয় মোড়। নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়ে যখন শাসকদলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, ঠিক তখনই তাঁর পরিবারে ফাটল ধরাল ঘাসফুল শিবির। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে চলেছেন হুমায়ুনের জামাতা রাইহান আলি।
সম্প্রতি লালগোলা থানায় একটি মাদক পাচারের মামলায় রাইহান আলির নাম জড়ায়। পুলিশ ইতিমধ্যেই রাইহান ও তাঁর বাবা শরিফুল ইসলামের প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করেছে। এই পরিস্থিতিতেই রাইহানের তৃণমূলে যোগদানের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাইহান নিজেই জানিয়েছেন, তিনি আগে থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন এবং আসন্ন নির্বাচনে দলের হয়ে সক্রিয়ভাবে মাঠে নামবেন।
অন্যদিকে, জামাইয়ের এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, পুলিশি চাপ সৃষ্টি করে এবং মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তাঁর পরিবারের সদস্যদের তৃণমূলে টানার চেষ্টা করা হচ্ছে। এর আগে হুমায়ুন অভিযোগ করেছিলেন যে, রাইহানকে লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করার টোপ দিয়ে দলে টানার চেষ্টা করছে তৃণমূল।
মুর্শিদাবাদের রাজনীতিতে এই ‘ঘর ভাঙানোর খেলা’ ভোটের ফলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
