কাঁথি হাসপাতালে রোগীর ঝাঁপ
কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব মেদিনীপুরের ব্যস্ত সময়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। সোমবার দুপুরে কন্টাই সাব ডিভিশনাল হস্পিটালে চিকিৎসাধীন এক রোগী হঠাৎ ছাদে উঠে ‘জয় শ্রীরাম’ বলে ঝাঁপ দেন। সৌভাগ্যক্রমে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং পুনরায় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠছে রোগী কীভাবে নিজের ওয়ার্ড থেকে ছাদে উঠলেন? নিরাপত্তা কর্মী বা নার্সদের নজর এড়িয়ে এই ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কাউকে আশপাশে দেখা যায়নি।
এদিকে হাসপাতালের সুপার ও সহকারী সুপারকে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ছুটিতে থাকায় প্রতিক্রিয়া মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। ফলে রোগী নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। কী কারণে রোগী আত্মহত্যার চেষ্টা করলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা রুখতে হাসপাতালে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।
