মাটি মাফিয়া দের দৌরাত্বে প্রাণ গেল দু’জনের
কিউ ইন্ডিয়া বাংলা :- রাতের অন্ধকারে শুরু হয় মাটি মাফিয়া দের চক্র । তার জেরে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা । গভীর রাতে মাটির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল মোটরবাইক আরোহী ২ যুবকের । উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার রাজাপুর এলাকার ঘটনাটি ঘটে । ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ যুবক আকিপুরের দিক থেকে মোটরবাইকে করে নিজেদের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আচমকা বিপরীত দিক থেকে আসা একটি মাটির গাড়ি তাদের বাইকের সজোরে ধাক্কা মারে । তার ফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির গাড়ির নিচে পিষে যায় । ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা দুই যুবকের ।
এলাকাবাসীদের অভিযোগ রাত বাড়লেই মাটি বোঝাই করা গাড়ির দাপট বাড়ে। বিষয়টি অনেকদিন ধরেই চলছে । প্রতিবাদ জানাতে গেলে প্রতিবাদকারীদের নানা ধরনের হুমকি দেওয়া হতো । প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও বিশেষ লাভ হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ । দুর্ঘটনার পরে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ।
অভিযোগ দিনে রাতে এই মাটি মাফিয়াদের দাপট বাড়ছে এই অঞ্চলে । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও কোনভাবেই নদী থেকে মাটি বা বালি উত্তোলন বন্ধ হচ্ছে না। প্রকাশ্য দিবালোকে ট্র্যাক্টর করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং রাতের বেলা বড় গাড়ি করে মাটি বহন করা হচ্ছে। বেপরোয়া গতিতে ছুটে চলেছে গাড়িগুলো। এবার এই গতির বলি হল দুটি তাজা প্রাণ।
