চুরির অভিযোগে নাবালকদের মারধর,অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
কিউ ইন্ডিয়া বাংলা :- চুরি করার অভিযোগে তিন নাবালককে মারধর করার অভিযোগ বিজেপির এক নেতার বিরুদ্ধে। ডালখোলায় বেল্ট দিয়ে নাবালকদের নির্মমভাবে মারধর করে বিজেপি নেতা অর্জুন সরকার, এমনটাই অভিযোগ উঠে আসছে । ওই তিন নাবালকের বিরুদ্ধে বাইকের শোরুমে চুরির অভিযোগ করেন ওই নেতা । আজ সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডালখোলা এলাকায় ।
স্থানীয় সূত্রের খবর ডালখোলা শহরের ১০ নম্বর ওয়ার্ডে এই মারধরের ঘটনাটি ঘটে । শোরুমে চুরি করার সন্দেহে তিন নাবালককে বেল্ট দিয়ে মারধর করেছেন বিজেপি নেতা অর্জুন সরকার। গেরুয়া শিবিরের এই নেতার একটি বাইকের শোরুম রয়েছে । ওই নাবালকদের শোরুমের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেন তিনি। চুরির সন্দেহে তাদের ধরে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয় । তবে পরবর্তীতে ওই নামে লোকদের কাছে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। তারপরেই নিজের ভুল বুঝতে পারেন ওই বিজেপি নেতা । পুলিশ এ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকদের পরিচয় এখনো জানা যায়নি। তারা স্থানীয় কিনা অন্য জায়গা থেকে এসেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। বিজেপি নেতা অর্জুন সরকারের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ নিয়েছে কিনা সেটাও এখনো জানা যায়নি।
