নানুরে বিজেপি নেতাকে হুমকির অভিযোগ
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের আগে বীরভূমের নানুরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। বিজেপির এক নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল।
জানা গিয়েছে, নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল, বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি। মঙ্গলবার রাতে তিনি স্বাভাবিকভাবেই ঘুমোতে যান। বুধবার সকালে দরজা খুলতেই চমকে ওঠেন। অভিযোগ, তাঁর বাড়ির সামনে একটি সাদা থান, ফুলের মালা, মিষ্টি ও ধূপকাঠি রাখা ছিল। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং থানায় খবর দেওয়া হয়।
রামকৃষ্ণ মণ্ডলের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁকে ভয় দেখাতেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তাঁর কথায়, তৃণমূল বুঝতে পারছে পরিস্থিতি কঠিন, তাই বিজেপি নেতাদের আতঙ্কিত করার চেষ্টা চলছে। তবে ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। বরং গোষ্ঠীকোন্দল বা ব্যক্তিগত বিবাদের জেরেই এমন ঘটনা ঘটতে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
