জলভর্তি গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার ডানকৌর থানার দলেলগড় গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন বছরের এক শিশুর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির নাম দেবাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার গ্রামের একটি মন্দিরে ভোজের আয়োজন ছিল। পরিবারের সঙ্গে সেখানেই গিয়েছিল ছোট্ট দেবাংশ। অন্য বাচ্চাদের মতো সেও খেলাধুলা করছিল। খেলতে খেলতেই কখন যে কাছেই থাকা গভীর জলভর্তি গর্তের কাছে পৌঁছে যায়, কেউ বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে তাঁকে আর খুঁজে না পেয়ে পরিবার ও গ্রামের লোকজন খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর সন্দেহ হওয়ায় স্হানীয় পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ডুবুরি নিয়ে ঘটনাস্থলে পৌঁছোয়। কয়েক ঘণ্টা তল্লাশির পর জলভর্তি গর্ত থেকেই শিশুটির দেহ উদ্ধার করা হয়। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্বভাবতই পুরো গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, ওই গর্তটি দীর্ঘদিন ধরেই খোলা অবস্থায় পড়ে ছিল এবং বৃষ্টির জলে ভরে বিপজ্জনক হয়ে উঠেছিল। বহুবার অভিযোগ জানানো হলেও কোনো ঘেরাটোপ বা নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি সেখানে। তাঁদের দাবি, কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো যেত। এই ঘটনাকে ঘিরে এলাকায় বিক্ষোভও শুরু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একই এলাকায় খোলা গর্তে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবুও নিরাপত্তা না বাড়ায় এবার শিশু মৃত্যুর পর প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে সেখানে।
