আজকের দিনেবাংলার আয়না

বহুতলের নিচে নার্সের দেহ উদ্ধার, রহস্যমৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার গোপালপুর এলাকায় এক তরুণী নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম মন্দিরা পাল (২৪)। তিনি মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে আবাসনের নিচে তরুণীর দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা চাঞ্চল্য ছড়ান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে খবর, মন্দিরা পালের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের লোহারপাড়ায়। কর্মসূত্রে তিনি মলানদিঘিতে থাকতেন এবং সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পাশাপাশি মৃতার পরিবার, সহকর্মী এবং আবাসনের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

এই ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমেই সামনে আসবে এই রহস্যমৃত্যুর আসল কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *