Bike Accident : পাথরপ্রতিমায় ভয়াবহ বাইক দুর্ঘটনা: নদীতে পড়ে মৃত ২, আহত ২ !
কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি :-
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার গভীর রাতে ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল হেলমেটবিহীন চার আরোহীর বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের। গুরুতর জখম আরও দু’জনকে প্রথমে গদামথুরা স্বাস্থ্যকেন্দ্রে, পরে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেকেই রায়দিঘির কুমড়োপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি মোটরসাইকেলে চেপে চার যুবক প্রচণ্ড গতিতে ফেরিঘাট ব্রিজে উঠছিলেন। কারও মাথাতেই হেলমেট ছিল না। ব্রিজের ঢালে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সোজা নদীতে গিয়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। রাতের অন্ধকারেই নদী থেকে গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হতাহত চারজনই রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া এলাকার বাসিন্দা। তবে রাত পর্যন্ত মৃত ও আহতদের পরিবারের কারও খোঁজ পাওয়া যায়নি। পুলিশের তৎপরতায় ও মানবিক উদ্যোগে আহত দু’জনকে পুলিশের গাড়িতেই ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়। মৃত ও আহতদের পরিচয় জানতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেপরোয়া গতি ও হেলমেট না পরার ভয়াবহ পরিণতি। একসঙ্গে বাইকে চারজন ওঠা এবং ট্রাফিক আইন না মানাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ এলাকায় রাতের বেলায় বাইকের দৌরাত্ম্য ও বেপরোয়া চালানো নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
