‘হিংসার জবাব হিংসাই’, তেহরানকে পালটা জবাব দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
কিউ ইন্ডিয়া বাংলা- ইরান-আমেরিকার মধ্যে অচলাবস্থা অব্যাহত। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা হয়েছিল। আমেরিকার দাবি, স্বাক্ষরিত মউ-এর শর্ত ভেঙে ইরান এই হামলা চালিয়েছে। তার জবাবেই শুক্রবার ইরানের উপকূল অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামগুলিকে নিশানা করে মার্কিন বাহিনী। ইরান আমেরিকার চুক্তির দিনই হরমুজে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজের উপর আক্রমণ চালানো হয়।
বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অবকাঠামোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, আন্তর্জাতিক তেলবাজার ও বৈশ্বিক বাণিজ্যেও পড়তে পারে।
ইরান হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, হিংসার জবাবে হিংসাই ফেরত পাবে ইরান। তাঁর কথায়, ‘‘ইরান একটা সংঘর্ষবিরতি সমঝোতায় স্বাক্ষর করেছিল। আমরা তাকে সম্মান জানিয়েছি। মউ-এর শর্তাবলি কী ভাবে বাস্তবায়িত হচ্ছে, সেই পদ্ধতি নিয়ে ইরানের যদি কোনও আপত্তি থাকে, তারা ফোন হাতে তুলে নিতে পারে। তবে হিংসার জবাব হিংসাই।’’
