৯৬ বছর পর আবার মস্কোয় রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী, সাংস্কৃতিক বন্ধনে নতুন অধ্যায়
কিউ ইন্ডিয়া বাংলা, মস্কো:- রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য বা সঙ্গীতের নয়, বিশ্বসংস্কৃতিরও এক উজ্জ্বল নাম। কবি, সাহিত্যিক, দার্শনিকের পাশাপাশি তিনি ছিলেন একজন অনন্য চিত্রশিল্পী। তাঁর সেই শিল্পকর্মকে ঘিরেই প্রায় এক শতাব্দী পরে রাশিয়ার রাজধানী মস্কোয় আবার আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনী শুধু শিল্পপ্রেমীদের কাছেই নয়, ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘বিশ্ব একটি নীড়’ শিরোনামের এই প্রদর্শনীতে বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে বাছাই করা ৫৯টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর নামটি বিশ্বভারতীর মূল আদর্শ ‘যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্’ থেকে নেওয়া হয়েছে যার অর্থ সমগ্র বিশ্ব এক পরিবার বা এক আশ্রয়।
রবীন্দ্রনাথ ১৯৩০ সালে প্রথম এবং একমাত্রবারের মতো মস্কো সফর করেছিলেন। সেই সফরেই তাঁর উপস্থিতিতে সেখানে তাঁর আঁকা ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। নিজের সংগ্রহ থেকে তিনি প্রায় ১০০টি ছবি নির্বাচন করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার ৯৬ বছর পর আবার রাশিয়ায় তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বর্তমান প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে মস্কোর বিখ্যাত জিইএস-২ হাউস অফ কালচার-এ। এখানে শুধু রবীন্দ্রনাথের চিত্রকর্মই নয়, তাঁর কয়েকটি মূল্যবান পাণ্ডুলিপিও প্রদর্শিত হচ্ছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত দর্শনার্থীরা এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন।
এই আয়োজন বাস্তবায়নের পিছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতি। প্রথমে ৮০টি ছবি চাওয়া হলেও সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিশ্বভারতী ৫৯টি ছবি পাঠানোর সিদ্ধান্ত নেয়। দেশের অমূল্য সাংস্কৃতিক সম্পদ বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি ছবির বিমামূল্য কয়েক কোটি টাকা নির্ধারণ করা হয়। সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অবশেষে রাশিয়ায় ভারতীয় দূতাবাস এবং ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের সহযোগিতায় প্রদর্শনীটি বাস্তব রূপ পায়।
