আজকের দিনেখেলা

বদলার রাতে আগুন ইংল্যান্ড, কেনের জোড়া গোল-বেলিংহ্যামের ঝড়ে ৪-২ হার মদ্রিচদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ডালাস:- আট বছর আগের হারের বদলা। বুধবার রাতে ডালাসে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের দুরন্ত ফুটবলে দিশেহারা ক্রোয়েশিয়া। জোড়া গোল করলেন অধিনায়ক হ্যারি কেন। রক্ষণের দুর্বলতা আর মদ্রিচের ভুলে হার মানতে হল ক্রোটদের।

প্রথমার্ধেই চার গোল দেখল ডালাস। ৮ মিনিটে বক্সে নোনি মাদুয়েকেকে ফাউল করেন লুকা মদ্রিচ। পেনাল্টি থেকে গোল করেন কেন। পেতার সুসিচের পাস থেকে দুরন্ত শটে সমতা ফেরান মার্তিন বাতুরিনা। পাঁচ মিনিট পরেই রাইসের কর্নার থেকে হেডে ফের গোল করেন কেন। বিশ্বকাপে ১০ গোল করে লিনেকারকে ছুঁলেন তিনি। তবে পেরিসিচের পাসে পেতার মুসার গোলে আবার সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে পুরো পাল্টে যায় ছবি। বিরতির দু’মিনিটের মধ্যেই একক দক্ষতায় গোল করেন জুড বেলিংহ্যাম। এরপর মার্কাস রাশফোর্ডের গোলে ৪-২ করে ইংল্যান্ড। কেনকে কর্নারে ফাঁকা রাখা থেকে শুরু করে এরিয়ালে মার্ক না করা, ক্রোয়েশিয়ার রক্ষণের ভুল বারবার চোখে পড়েছে।

৮ বছর আগে এই ক্রোয়েশিয়ার কাছেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। এবার ৪ গোল মেরে বুঝিয়ে দিল, তাদের হালকা ভাবে নেওয়ার দিন শেষ। তরুণ দল নিয়েও বেলিংহ্যাম-রাশফোর্ডদের দাপট চোখে পড়ার মতো। অন্যদিকে রক্ষণের ভুল আর মদ্রিচের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠছে ক্রোয়েশিয়া শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *