আজকের দিনেতিলোত্তমা

বাথরুমে মিলল বৃদ্ধের পচাগলা দেহ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সল্টলেকের জিডি ৯১ নম্বর বাড়িতে দোতলার বাথরুম থেকে ৬৫ বছরের এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম তাপস রায়। দক্ষিণ বিধান নগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশুদিন থেকে তাপস রায়কে আর দেখা যাচ্ছিল না। তিনি বাড়িতে একাই থাকতেন। মেয়ের বিয়ের পর প্রথমে বেঙ্গালুরু ও পরে দিল্লিতে থাকতেন পরিবারের সদস্যরা। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি সল্টলেকের এই বাড়িতেই একা বসবাস করতেন। কোথাও বাইরে গেলে সাধারণত প্রতিবেশীদের জানিয়ে যেতেন বলেও জানান স্থানীয়রা।

পরশুদিনের পর থেকে তাঁকে দেখতে না পেয়ে এক প্রতিবেশী সকালে ফোন করেন। ফোনে রিং হলেও কোনও সাড়া মেলেনি। এতে সন্দেহ হওয়ায় দক্ষিণ বিধান নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং দোতলার বাথরুমের ভিতর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় দেহটি উদ্ধার করে।

প্রতিবেশী এক বৃদ্ধা মহিলা জানান, “উনি বাইরে গেলে জানিয়ে যেতেন। কিন্তু গত দু’দিন ধরে দেখা যাচ্ছিল না। ফোন করেও কথা বলা যায়নি। রিং হচ্ছিল, কিন্তু ধরছিলেন না। তখনই আমরা থানায় খবর দিই।”

পুলিশের প্রাথমিক অনুমান, বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তাপস রায়। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *