আবার চলবে মৈত্রী এক্সপ্রেস? উদ্যোগ শুরু! ২০২৪-এর পর বন্ধ থাকা পরিষেবা চালুর ইঙ্গিত
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১ বছর পর ফের ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের অনুরোধের পর প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিল ভারতীয় রেল মন্ত্রক।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। তার জেরে ১৯ জুলাই ২০২৪ থেকে বন্ধ হয়ে যায় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। শেখ হাসিনা সরকারের পতনের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়।
এবার সেই পরিষেবা ফেরাতে উদ্যোগী হয়েছে দুই দেশই। ঢাকার ভারতীয় দূতাবাস বাংলাদেশ সরকারের রেল উপদেষ্টা ও কাউন্সিলর দফতরের মাধ্যমে ভারতীয় রেল মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে পূর্বের সূচি মেনে সপ্তাহে ৫ দিন মৈত্রী এক্সপ্রেস চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
রেল মন্ত্রক ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রেলবোর্ডকে রিপোর্ট করে জানাতে বলেছে। তবে ট্রেন চালুর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত ব্যবস্থাপনা ও বিদেশি বিভাগ এবং কাস্টমসের ছাড়পত্র লাগবে। সেই সবুজ সংকেত মিললেই আবার চাকা গড়াবে মৈত্রী এক্সপ্রেসের।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের বিএনপি সরকার। সরকার বদলের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে, আর সেই আবহেই এই ট্রেন চালুর আলোচনা।
মৈত্রী এক্সপ্রেস শুধু দুই দেশের যোগাযোগের মাধ্যমই নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কেরও প্রতীক। পরিষেবা ফের চালু হলে চিকিৎসা, ব্যবসা ও পর্যটনের জন্য দুই দেশের মানুষই উপকৃত হবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন মিললেই খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলে রেল সূত্রে খবর।
