আজকের দিনেতিলোত্তমা

আসন বণ্টন নিয়ে বিরোধী শিবিরে চাপানউতোর, চাপে সিপিএম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের মুখে আসন বণ্টন ঘিরে বিরোধী শিবিরে জটিলতা ক্রমশ বাড়ছে। বিশেষ করে আইএসএফ-কে কত আসন দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বামফ্রন্ট। ফলে একদিকে শরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে, অন্যদিকে বামেদের সিদ্ধান্তে দেরি হওয়ায় নিজেদের পছন্দের আসনে প্রার্থী ঘোষণা করে দিতে পারে নওশাদ সিদ্দিকির দল এমনই ইঙ্গিত মিলছে।

আইএসএফ সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহ পর্যন্ত তাঁরা অপেক্ষা করবে। তারপর কয়েকটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হতে পারে। ক্যানিং পূর্ব ও পশ্চিম দুটি আসনেই আইএসএফ প্রার্থী দিতে চলেছে বলে খবর। ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকি নিজেই প্রার্থী হতে পারেন। রাজনৈতিক মহলের মতে, আগামী সপ্তাহে প্রার্থী ঘোষণা করলে তা কার্যত সিপিএমের উপর চাপ বাড়াবে।

এদিকে বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যেও অসন্তোষ স্পষ্ট। কংগ্রেস জোটে না আসায় একুশের তুলনায় এবার বেশি আসন দাবি করছে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। ফরওয়ার্ড ব্লক প্রথমে ৩০টি আসন দাবি করলেও সূত্রের খবর, ২৫টি আসন পেলেও তাঁরা রাজি। কিন্তু সিপিএমের তরফে জানানো হয়েছে, সর্বোচ্চ ১৫টি আসন দেওয়া যেতে পারে। তাতেই ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে এখনও পর্যন্ত নতুন করে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের দিন ঠিক হয়নি।

আরএসপির ক্ষেত্রেও জট অব্যাহত। আগে তাঁরা ২৩টি আসনে লড়াই করত। গত বিধানসভা ভোটে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট থাকায় ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এবার তাঁরা ১৯টি আসনে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে। তবে সিপিএম ১৯টি আসন ছাড়তে নারাজ। কিছু আসন বদলের কথাও বলা হচ্ছে। ফলে আলোচনা এখনও শেষ হয়নি। আগামী ১৬ ফেব্রুয়ারি ফের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। যদিও আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় আশাবাদী আলোচনার মাধ্যমেই সমাধান মিলবে।

সিপিআই ২০টি আসন চেয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত বড় কোনও মতবিরোধের খবর নেই। এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “বামফ্রন্ট একটি ধারাবাহিক প্রক্রিয়া। নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক আলোচনা চলছে। নির্দিষ্ট সময়েই বর্ধিত ফ্রন্টের তালিকা প্রকাশ করা হবে।”

সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, আসন বণ্টন নিয়ে বিরোধী শিবিরের অন্দরমহলে চাপানউতোর ততই স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *