চেয়ারম্যানের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ভাইস চেয়ারম্যান, ভদ্রেশ্বরে তোলপাড়
কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা ফিরোজ খানকে গ্রেফতার করল পুলিশ। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। শনিবার চন্দননগর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, তেলিনীপাড়া এলাকার তৃণমূল নেতা ফিরোজ খান ২০২২ সালে পুরভোটে জিতে ভাইস চেয়ারম্যান হন। তিনি চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত।অভিযোগ, তেলিনীপাড়ায় অশান্তি পাকানো এবং গত দু’দিন আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে ঝামেলায় জড়িয়েছিলেন ফিরোজ। পুরসভা সূত্রে খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই ইও ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন।শুক্রবার দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। ডিসিপি চন্দননগর জানিয়েছেন, ফিরোজ খানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গতকালই ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ ৮ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। ২২ ওয়ার্ডের ভদ্রেশ্বর পুরসভা এতদিন ছিল বিরোধী শূন্য। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের হারের পর থেকেই পুরসভার পরিস্থিতি বদলাতে শুরু করে।
চেয়ারম্যান-সহ ৮ কাউন্সিলরের ইস্তফা ও ভাইস চেয়ারম্যানের গ্রেফতারির পর ভদ্রেশ্বর পুরসভা কার্যত অচল। পুরসভা নির্বাচনের অনেক আগেই বোর্ড ভেঙে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও ভরাডুবির জেরেই একের পর এক ধাক্কা খাচ্ছে শাসক শিবির।
