২ মার্চ ভোট ঘোষণা, ৩ দফাতে ভোটঃ সূত্র
কিউ ইন্ডিয়া বাংলা :- এসআইআর প্রক্রিয়া শেষ হলেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে এখন কার্যত শুধু সময়ের অপেক্ষা। এরই মধ্যে রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন, আগামী ২ মার্চই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এবার তিন দফায় ভোট করানোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের আটটি জেলায় এক দফাতেই ভোট হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভোট হতে পারে দু’দফায়।
সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী,কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় একসঙ্গে ভোট হতে পারে। অন্য দফায় ভোট হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
এদিকে বেশ কয়েকটি অশান্তি-প্রবণ জেলা নিয়ে বিশেষভাবে সতর্ক নির্বাচন কমিশন। কমিশনের বিশেষ নজরে রয়েছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ও বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের দফা কমানোর আবেদন জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিন দফাতেই ভোট হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।
ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় বাহিনী কতটা পাওয়া যাবে, কোথায় কোথায় মোতায়েন সম্ভব এবং স্পর্শকাতর বুথগুলির পরিস্থিতি কেমন থাকবে, তার উপরেই নির্ভর করছে দফা সংখ্যা। কারণ শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত জরুরি।
এই সমস্ত বিষয় নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠক থেকে গ্রিন সিগন্যাল মিললেই ভোটের দফা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
