আক্রান্ত থানার ওসি ,হাড়োয়ায় আটক ৫
কিউ ইন্ডিয়া বাংলা:- আবার আক্রান্ত হলেন পুলিশকর্মী । ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকা।গতকাল ৮ই ফেব্রুয়ারি রবিবার রাতে হাড়োয়া থানার গোপালপুর আউটপোস্টের ওসিকে মারধরের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে । পুলিশ অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে ।
পুলিশ এর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে , গতকাল ৮ ই ফেব্রুয়ারি রাতে একদল শ্মশান যাত্রী গাড়িতে করে ফিরছিল। সেইসময়েই রাস্তায় এক বাইক চালকের সঙ্গে ঝামেলা লাগে তাঁদের। কথা কাটাকাটি থেকেই ওই যুবককে বাইক থেকে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছিল। ঘটনার সময় সেখান থেকে যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। তিনি ঝামেলা থামাতে গেলে মদ্যপ যুবকের দল তাঁকেও মারধর করে বলে অভিযোগ ।
আক্রান্ত পুলিশকর্মী হাড়োয়া থানার গোপালপুর আউটপোস্টের ওসি হাতে ও মাথায় গুরুতর চোট পান । থানার অন্যান্য পুলিশরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে । আরো কোনো ব্যক্তি ঘটনার সাথে যুক্ত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যে পুলিশকর্মী আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও এমন উদাহরণ আছে । কয়েকমাস আগেই মুর্শিদাবাদের কান্দিতে জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন থানার আইসি । এছাড়া ভাঙ্গরে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল ।
