Cricket-T20 : টি২০ বিশ্বকাপে নেই বাংলাদেশ, সরকারি ভাবে জানিয়েই দিল আইসিসি….
কিউ ইন্ডিয়া বাংলা:- বাংলাদেশের বিশ্বকাপের অংশগ্রহণ ইস্যু নিয়ে সব নাটকের হল যবনিকা পতন । এবারের বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ । বিকল্প দেশ হিসাবে খেলবে স্কটল্যান্ড, সরকারি ভাবে জানিয়ে দিল আইসিসি ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছিল তারা ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না । বিকল্প ভেন্যুতে তাদের ম্যাচ গুলি আয়োজন করার কথা জানিয়েছিল তারা । তাদের আবেদন নাকচ করে দেয় আইসিসি । সরকারি ভাবে আইসিসি জানায় বাংলাদেশের আবেদন মানা হবে না, পরিবর্ত দেশ হিসাবে স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পাবে ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিসিবি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছিল, সেগুলো খতিয়ে দেখা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি দফায় দফায় পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত ভাবে জানায় বাংলাদেশকে। দফায় দফায় আশ্বাস দেওয়া হয়েছিল ওদের। ভারতে বাংলাদেশের জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো জায়গা নেই সেটাও জানানো হয়। তাই বিশ্বকাপের সূচিতে কোনও পরিবর্তনের পথে হাঁটেনি আইসিসি।’’ আরও বলা হয়েছে, ‘‘বিশ্বকাপের তিন সপ্তাহ আগে সূচি পরিবর্তন করা বাস্তব বিবেচনায় সম্ভব নয়।’’
বিসিবি সভাপতি বলেন, “আইসিসি বলেছে, শ্রীলঙ্কা সহ-আয়োজক। না, ওরা সহ-আয়োজক নয়। হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। সেখানে কিছু দেশ শ্রীলঙ্কায় খেলছে। যেহেতু নিরাপত্তার কারণেই হাইব্রিড মডেল হয়েছে, তাই আমরাও শ্রীলঙ্কায় খেলার কথা বলেছিলাম। কিন্তু ওরা আমাদের দাবি খারিজ করে দিয়েছে।
বাংলাদেশের আবেদনের পরি প্রেক্ষিতে আইসিসির বিশেষ সভা বসে। সেখানে ভোটাভুটিতে হেরে যায় লিটন – মুস্তাফিজুরদের বোর্ড ।তারপরেও নিজেদের অবস্থানে অনড় থাকে পদ্মাপাড়ের দেশ । শেষমেষ গতকাল ২৪ শে জানুয়ারি আইসিসি সরকারি ভাবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে দেয় পরিবর্ত দেশ হিসাবে।
