Mohun Bagan Had The Last Laugh : সুযোগ নষ্টের ফুলঝুরি নিয়েও শেষ হাসি মোহনবাগানের, দ্রাজিচ-এরউইনের গোলে ওড়িশাকে হারাল প্যানোসের ছেলেরা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ম্যাচ জিতলেও মন জিততে পারল না মোহনবাগান। যুবভারতীতে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেও ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএলে টানা চতুর্থ জয় তুলে নিল প্যানোসের দল। লিগ টেবিলের শীর্ষেই রইল সবুজ-মেরুন।(Mohun Bagan Had The Last Laugh)
ম্যাচের ২ মিনিটেই শুরু সুযোগ নষ্টের ধারা। ২ গজ দূর থেকে বারপোস্টে বল মারেন লিস্টন কোলাসো। পরের মিনিটেও ফের একই ভুল। কখনও লিস্টনের অতিরিক্ত কেরামতি, কখনও মনবীর সিংয়ের একের বিরুদ্ধে এক সুযোগ নষ্ট, কখনও লি এরউইনের নিষ্প্রভ শট। প্রথমার্ধে অন্তত ৩ গোলে এগিয়ে থাকার কথা ছিল মোহনবাগানের, কিন্তু শেষ হল গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অপেক্ষা শেষ। ৪৭ মিনিটে দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দ্রাজিচ। তবে ৫২ মিনিটে মহমুদ ইদের গোলে সমতা ফেরায় ওড়িশা।(Mohun Bagan Had The Last Laugh)
আবারও গোলের সন্ধান, আবারও মিসের বন্যা। প্যানোস লিস্টনকে তুলে নামান ছাংতেকে। সেই পরিবর্তন কাজে দেয়। ৭৪ মিনিটে ছাংতের পাস থেকে ফের গোল করেন দ্রাজিচ।
নাটক তখনও বাকি। মিনিট পাঁচেকের মধ্যেই রক্ষণের ভুলে ফের গোল শোধ করে ওড়িশা। মনে হচ্ছিল নিশ্চিত জেতা ম্যাচটা হাত থেকে ফসকে যাবে। কিন্তু শেষমেশ ৮৭ মিনিটে বক্সের ভিতরে বল ধরে দুর্দান্ত ফিনিশ করেন এরউইন। সেটিই হয়ে রইল জয়সূচক গোল।(Mohun Bagan Had The Last Laugh)
টানা চতুর্থ জয় এলেও চিন্তা বাড়ছে মোহনবাগানের। আক্রমণের পাশাপাশি রক্ষণও ভোগাচ্ছে দলকে। গোটা ১৫ সুযোগ নষ্ট করে জেতা গেলেও বড় ম্যাচে এই ভুলের খেসারত দিতে হতে পারে সবুজ-মেরুনকে।
