অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে ইতি টানলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। ৬০ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে নাসার নভোশ্চরের দায়িত্ব থেকে অবসর নিলেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ ডিসেম্বর থেকেই সুনীতা উইলিয়ামসের অবসর কার্যকর হয়েছে। বিবৃতিতে নাসা জানিয়েছে, মানুষের মহাকাশ অভিযানে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন সুনীতা। ভবিষ্যৎ চাঁদ ও মঙ্গল অভিযানের ভিত্তি গড়ে দেওয়ার পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথে বাণিজ্যিক মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করেছেন তিনি।
মহাকাশে একাধিক নজির গড়েছেন সুনীতা উইলিয়ামস। তিনটি মহাকাশ অভিযানে অংশ নিয়ে মোট ৬০৮ দিন তিনি অন্তরীক্ষে কাটিয়েছেন, যা নাসার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। স্পেস এক্স ক্রিউ-৯ অভিযানে একটানা ২৮৬ দিন মহাকাশে ছিলেন তিনি। পাশাপাশি মোট ৯টি স্পেসওয়াক করে মহাকাশে কাটিয়েছেন ৬২ ঘণ্টা ৬ মিনিট যা মহিলা মহাকাশচারীদের মধ্যে সর্বাধিক এবং সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ। মহাকাশে ম্যারাথন দৌড় সম্পন্ন করা প্রথম মহাকাশচারীও তিনি।
১৯৯৮ সালে নাসায় যোগ দেন সুনীতা। তাঁর প্রথম মহাকাশযাত্রা শুরু হয় ২০০৬ সালের ডিসেম্বরে, ডিসকভারি শাটলে চড়ে। এক্সপিডিশন ১৪ ও ১৫-এ ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালে দ্বিতীয় মিশনে ১২৭ দিনের অভিযানে আইএসএস-এর কমান্ডারের দায়িত্বও সামলান।
২০২৪ সালে বোয়িং স্টারলাইনারে তাঁর তৃতীয় ও শেষ মহাকাশযাত্রা শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত ১০ দিনের মিশন দীর্ঘ হয়ে দাঁড়ায় প্রায় ১০ মাসে। অবশেষে ২০২৫ সালের মার্চে পৃথিবীতে ফেরেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর।
অবসর প্রসঙ্গে সুনীতা উইলিয়ামস বলেন, মহাকাশই তাঁর প্রিয় আবাসস্থল এবং নাসায় কাজ করার সুযোগ তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আশা প্রকাশ করেন, তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ অভিযানে অনুপ্রাণিত করবে।
নাসা কর্তা জ্যারেড আইজ্যাকম্যান সুনীতার অবদানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, মানববাহী মহাকাশ অভিযানে তিনি একজন পথিকৃৎ, যাঁর কাজ আগামী প্রজন্মকে স্বপ্ন দেখার সাহস জোগাবে।
