ED… ফের শহরে ইডির হানা, গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি
কিউ ইন্ডিয়া বাংলাঃ- ফের কলকাতায় ইডির হানা। মঙ্গলবার সকালে জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণার অভিযোগে শহরের সাতটি জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু কলকাতা নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি। আই প্যাক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অভিযানে বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে ইডি মুখ খোলেনি।
তবে কি জন্য এই অভিযান? ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েসের মাধ্যমে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নেওয়ার অভিযোগে এই অভিযান। অভিযোগের অঙ্ক কয়েকশো কোটি টাকা। দীর্ঘদিন ধরে এই আর্থিক লেনদেনের উপর নজর ছিল তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক ‘শেল কোম্পানি’ তৈরি করে ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে। ইডি এখন উত্তর খুঁজছে কোথায় গিয়েছে এই টাকা? কারা এই ঘটনার পিছনে রয়েছে? কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও আবাসনে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তল্লাশি শুরু হয়। কোথাও কোথাও নথিপত্র ও ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। তল্লাশি এখনও চলছে। তদন্ত যত এগোবে, এই জালিয়াতি মামলায় আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
