KOLKATA POLICE : পুজো মণ্ডপে ভিড় সামলাতে কড়া পদক্ষেপ লালবাজারের, থানাগুলিকে স্ট্র্যাটেজি তৈরির নির্দেশ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– দুর্গাপুজোয় কোনও মণ্ডপেই যাতে অতিরিক্ত ভিড় না জমে এবং ভিড়ের কারণে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে নজর দিতে থানাগুলিকে বিশেষ নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা (KOLKATA POLICE) । শুক্রবার সন্ধ্যায় লালবাজারের কর্তা ও প্রত্যেক থানার ওসিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেন তিনি।
পুলিশ সূত্রে (KOLKATA POLICE) জানা গেছে, পুজো মণ্ডপ তৈরির সময় থেকেই থানাগুলিকে থিম সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে। মণ্ডপ এমনভাবে তৈরি করা যাবে না যাতে ভিতরে একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থী জমে যান। প্রত্যেক মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা রাখতে হবে, যাতে দর্শনার্থীরা দ্রুত প্রতিমা দর্শন করে বেরিয়ে আসতে পারেন। অনেক সময় দর্শনার্থীরা মণ্ডপের ভিতরে সেলফি তুলতে ব্যস্ত থাকেন, তাদের দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য বলতে হবে।
এজন্য প্রত্যেক থানার ওসিকে নিজেদের এলাকার পুজো মণ্ডপগুলির জন্য ‘ক্রাউড ফ্লো’ বা ‘ক্রাউড সার্কুলেশন’ স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করতে হবে, পরে ডিভিশনের ডিসিরাও বৈঠক করবেন (KOLKATA POLICE) । পুজো কমিটির স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষীদের পুলিশ প্রশিক্ষণ দেবে। মণ্ডপ সংলগ্ন রাস্তায় ট্রাফিক মসৃণ রাখতে এবং গাড়ির গতি ধীর না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বহু মানুষ প্যান্ডেল হপিং করেন, তাই প্রত্যেক মেট্রো স্টেশনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ফুটপাত দখলমুক্ত রাখা, রাস্তা পারাপারে সুবিধা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য কেএমডিএ ও পুরসভাকে চিঠি দেওয়া হচ্ছে।
দুর্গাপুজোর মতো বড় উৎসবে জননিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই এবার আগে থেকেই ভিড় নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান তৈরিতে জোর দিচ্ছে কলকাতা পুলিশ।
