Harassing Minor Girl : ক্যানিংয়ে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, ধৃত দোকানদার !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ১৩ বছরের নাবালিকাকে দোকানে ডেকে অশালীন আচরণের অভিযোগ। অভিযুক্ত হার্ডওয়্যার দোকানদারকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী।
নাবালিকা হেনস্থার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ক্যানিং থানা এলাকার জনকল্যাণ মোড়ে।(Harassing Minor Girl)
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের ওই নাবালিকা প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় জনকল্যাণ মোড়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিল। রাস্তার পাশেই কমল মণ্ডলের হার্ডওয়্যার দোকান। অভিযোগ, সেই সময় দোকানদার কমল মণ্ডল ভালো জলের বোতল এসেছে বলে নাবালিকাকে দোকানে ডাকেন।
নাবালিকার পরিবারের দাবি, প্রথমে সে বোতল নিতে অস্বীকার করে। এরপর অভিযুক্ত জোর করে তার হাত ধরে দোকানের ভিতরে টেনে নিয়ে যায়। ভিতরে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ।(Harassing Minor Girl)
আরও ভয়াবহ অভিযোগ, ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় বলেও দাবি নাবালিকার। দীর্ঘক্ষণ আটকে রাখার পর অত্যাচার সহ্য করতে না পেরে সে চিৎকার করে দোকান থেকে বেরিয়ে আসে এবং পাশের গলিতে ঢুকে পড়ে।
নাবালিকার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। উত্তেজিত জনতা অভিযুক্ত দোকানদার কমল মণ্ডলকে দোকান থেকে টেনে বের করে মারধর করেন এবং পরে ক্যানিং থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।(Harassing Minor Girl)
এদিকে ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তর কঠোর শাস্তি হোক।
ক্যানিং থানার পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কমল মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
