Rajasthan-Yashasvi : বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও প্রশ্ন! রাজস্থান ছাড়ছেন যশস্বী? দলবদলের বাজারে জল্পনা তুঙ্গে !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইপিএলের দলবদলের বাজারে সবচেয়ে বড় নাম এখন যশস্বী জয়সওয়াল। ২০২০ থেকে গোলাপি জার্সি গায়ে খেলা এই ওপেনারকে আগামী মরশুমে নাও দেখা যেতে পারে রাজস্থানে। নেপথ্যে বৈভব সূর্যবংশীর উত্থান এবং ফ্র্যাঞ্চাইজির অসন্তোষ। খবর বেরোতেই যশস্বীকে পেতে ঝাঁপিয়েছে অন্য একটি ফ্র্যাঞ্চাইজিও।(Rajasthan-Yashasvi)
২০২০ সাল থেকে রাজস্থানের হয়ে খেলছেন যশস্বী। আড়াই হাজারের বেশি রান। সবই ঠিক ছিল। কিন্তু গত মরশুমে সমীকরণ বদলেছে। সঞ্জু স্যামসন দল ছাড়ার পর রাজস্থান অধিনায়ক বানিয়েছে রিয়ান পরাগকে, যশস্বীকে সেই সুযোগ দেওয়া হয়নি।
আসল ধাক্কা এসেছে বৈভব সূর্যবংশীর দিক থেকে। মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে তোলপাড় ফেলে দিয়েছে এই তারকা। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গী সে। ফলে যশস্বী ভালো খেললেও সব আলো কেড়ে নিচ্ছে বৈভব। রাজস্থানের জার্সিতে নিজের জায়গা নিয়েই এখন অনিশ্চয়তা।(Rajasthan-Yashasvi)
এর মধ্যেই খবর, যশস্বীর আচরণ নিয়েও খুব একটা খুশি নয় রাজস্থান টিম ম্যানেজমেন্ট। কী সমস্যা তা খোলসা করা হয়নি। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এই বিষয় নিয়েই এখন বেশি আলোচনা। তাই ২০২৭ মরশুমের আগে স্কোয়াডে বড় বদল আনতে পারে রাজস্থান।
যশস্বীকে ছেড়ে দিলে বসে থাকবে না কেউ। টেস্ট দলের নিয়মিত ওপেনার, আইপিএলেও প্রতি বছর ধারাবাহিক। সেই কারণেই দলবদলের বাজারে তাকে পেতে আগ্রহী আরেক ফ্র্যাঞ্চাইজি। জল্পনা চলছে ট্রেডেরও। রাজস্থান যদি তাকে ছাড়ে, তাহলে নিলাম বা ট্রেডে তাকে নিয়ে কাড়াকাড়ি হবেই।(Rajasthan-Yashasvi)
বৈভবের ছায়া, অধিনায়কত্ব না পাওয়া, আচরণের ইস্যু – সব মিলিয়ে রাজস্থানে যশস্বীর ভবিষ্যৎ এখন ঝুলে। আইপিএলের দলবদলের বাজারে প্রথম বড় বিস্ফোরণের নাম হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। পরের মরশুমে তিনি কোন জার্সিতে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
