Muder : নদিয়ায় স্বাধীনতা দিবসের রাতেই রক্তপাত ! গুলিতে খুন কংগ্রেস নেতা ও ছেলে !
কিউ ইন্ডিয়া বাংলা, নদীয়া:- স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রক্তাক্ত হল নদিয়া। দুষ্কৃতীদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে খুন হলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়ায়।
শনিবার সন্ধ্যায় বেথুয়া-ডহরি রেলগেটের কাছে নাগাদি রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন আনিসুর ও তাঁর ছেলে আবু সুফিয়ান। সেই সময় দুষ্কৃতীরা গাড়ি আটকে প্রথমে গুলি চালায়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।
নিহত আনিসুর রহমান নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন। তাঁর ছেলে আবু সুফিয়ানও কংগ্রেস নেতা ছিলেন এবং কল্যাণীতে এলএলবি পড়াশোনা করছিলেন।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। জুব্বার শেখ বর্তমানে জেলে থাকলেও তাঁর অনুগামীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। এর আগেও জুব্বারের বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে পরিবার। যদিও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
হামলার নেপথ্যে কারা রয়েছে, কী কারণে এই জোড়া খুন এবং আরও কেউ জড়িত কি না তা তদন্ত করছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
স্বাধীনতা দিবসের আনন্দের মাঝে নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের এই নৃশংস খুনে শোকের ছায়া। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
