Amit Shah : সময় দিন, সব জবাব দেব’ – স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের কোণঠাসা করলেন অমিত শাহ !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সংসদে অচলাবস্থার মাঝে এবার সরাসরি স্পিকারের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ, প্রশ্নফাঁস-সহ একাধিক ইস্যুতে আলোচনার সময় নির্ধারণের আর্জি জানিয়ে চিঠি দিলেন তিনি। শাহের স্পষ্ট বার্তা, বিরোধীদের সব প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত।
স্পিকারকে লেখা চিঠিতে শাহ বলেছেন, “দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আমার বিশ্বাস অটুট।” তিনি উল্লেখ করেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজু আগেই বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে সরকারের আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছেন।
শাহ বলেন, “বিরোধীদের অনুরোধেই আমরা প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনা করেছি। আপনি বিরোধীদের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সময় ঠিক করুন। ওই সময় আমি মাঠে থাকব। আমি বিরোধীদের সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।”
প্রসঙ্গত, NEET পরীক্ষার্থীদের উপর পুলিশি দমন-পীড়ন এবং রাম মন্দিরের অনুদান চুরি-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীরা সংসদে অচলাবস্থা তৈরি করেছে। বাদল অধিবেশন বারবার মুলতুবি হয়েছে।
আগেই শাহ প্রস্তাব দিয়েছিলেন আজ বিকেল ৩টা থেকে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত আলোচনা করতে রাজি। কিন্তু রাহুল গান্ধী সহ বিরোধীরা সেই প্রস্তাব নাকচ করে দেন। রাহুলের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ভাষণ’ শোনার আগ্রহ নেই, বরং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন নিয়ে জবাব চান তাঁরা।
এরপরই পালটা কৌশল হিসেবে স্পিকারকে চিঠি। রাজনৈতিক মহলের মতে, স্পিকার আলোচনার প্রস্তাব নিয়ে গেলে বিরোধীরা উভয় সংকটে পড়বে। হয় আলোচনা মেনে নিয়ে সংসদ চালাতে হবে, নাহলে সংসদ না চালানোর দায় তাঁদের ঘাড়েই আসবে।
একদিকে বিরোধীদের আন্দোলন, অন্যদিকে শাহের ‘আলোচনার চ্যালেঞ্জ’। স্পিকারের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে সংসদ। এই চিঠি সংসদের অচলাবস্থা কাটাতে পারে, নাকি সংঘাত আরও বাড়বে – সেটাই এখন দেখার।
