আজকের দিনেবিশ্বভারত

Major Responsibility : যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্ব! ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে মামলায় ভারতের প্রাক্তন CJI ডিওয়াই চন্দ্রচূড় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই আন্তর্জাতিক মামলায় বড় দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ওশ্চাদব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলায় রাশিয়ার মনোনীত আইনজীবী হিসেবে তিন সদস্যের ট্রাইব্যুনালে থাকবেন তিনি।

মামলার সূত্রপাত ২০২২ সালে। ওশ্চাদব্যাঙ্কের অভিযোগ, রুশ সামরিক অভিযানের জেরে ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝজিয়া অঞ্চলে তাদের সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আওতায় রাশিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ব্যাঙ্কটি।

এটি প্রথমবার নয়। এর আগেও ক্রিমিয়ায় সম্পত্তি বাজেয়াপ্তের অভিযোগে ওশ্চাদব্যাঙ্ক একই চুক্তির আওতায় মামলা করে জিতেছিল এবং মোটা অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছিল।

তিন সদস্যের ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হয়েছেন কোস্টা রিকার প্রাক্তন বাণিজ্যমন্ত্রী দিয়ালা জিমেনেজ। তাঁকে রাশিয়া ও ইউক্রেন যৌথভাবে বেছে নিয়েছে। ওশ্চাদব্যাঙ্কের তরফে মনোনীত আইনজীবী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক স্টাভরোস ব্রেকৌলাকিস। আর রাশিয়ার তরফে মনোনীত সদস্য প্রাক্তন CJI ডিওয়াই চন্দ্রচূড়।

গুরুত্বপূর্ণ বিষয় হল, চন্দ্রচূড় রাশিয়ার হয়ে আদালতে সওয়াল করবেন না। তিনি ট্রাইব্যুনালের একজন বিচারকের ভূমিকায় থাকবেন। মামলার নথি, দুই পক্ষের যুক্তি খতিয়ে দেখে তিন সদস্য মিলে নিষ্পত্তি করবেন।

জানা যাচ্ছে, এর আগেও রাশিয়া অন্য কয়েকটি বিনিয়োগ মামলায় চন্দ্রচূড়ের সাহায্য চেয়েছিল, কিন্তু তখন তিনি প্রস্তাব গ্রহণ করেননি।

আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতির এই ভূমিকা কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিনিয়োগ সংক্রান্ত এই মামলার রায়ের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *