Cricket : গল টেস্টের আগেই মাইন্ড গেম! পিচ বদলে ভারতকে চাপে ফেলার চেষ্টা শ্রীলঙ্কার !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- গল টেস্ট শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল মাইন্ড গেম। মাঠে গিয়ে পিচ দেখে যাওয়ার পরই ২২ গজের চরিত্র বদলে দিলেন শ্রীলঙ্কার মাঠকর্মীরা। জসপ্রীত বুমরাহ নেই, ওয়াশিংটন সুন্দর চোটে – এর মধ্যে পিচ নিয়ে ধন্দে পড়ে গেল ভারতীয় শিবির।
বুধবার শুভমন গিলদের অনুশীলন ছিল না। ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে নিয়ে গল স্টেডিয়ামে পিচ দেখতে যান হেড কোচ গৌতম গম্ভীর। তখন মাঠে শ্রীলঙ্কা দল ক্লোজ ডোর অনুশীলন করছিল। দর্শক ও সংবাদমাধ্যমের জন্য অনুশীলন ছিল গোপন। অল্প সময়ের জন্য ঢুকতে দেওয়া হয় ভারতীয় কোচদের। তখন পিচ ঢাকা ছিল। ঢাকা সরিয়ে পিচ দেখেন গম্ভীরেরা।
ভারতীয় কোচরা হোটেলে ফেরার ২ ঘণ্টা পরই শুরু হয় আসল খেলা। শ্রীলঙ্কার অনুশীলন শেষ হতেই পিচের পরিচর্যায় নামেন মাঠকর্মীরা। গোটা পিচের উপর বেশ কয়েকবার লন মোয়ার চালানো হয়। অর্থাৎ পিচের সবুজ ঘাস অনেকটাই ছেঁটে দেওয়া হয়েছে। এরপর হালকা রোলার চালিয়ে কিছুক্ষণ রোদে রাখা হয়। তারপর আবার ঢেকে দেওয়া হয় ২২ গজ।
শেষ মুহূর্তে পিচের চরিত্র বদলের এই চেষ্টা দেখে স্পষ্ট, ভারতকে চাপে ফেলার কৌশল নিচ্ছে শ্রীলঙ্কা।
আগামী ১৫ অগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। পিচের চরিত্রের উপরই নির্ভর করছে ভারতের বোলিং কম্বিনেশন। ৩ জন পেসার নাকি ৩ জন স্পিনার খেলবে – সিদ্ধান্ত নিতে পারছেন না গম্ভীরেরা। বুমরাহের অনুপস্থিতিতে ২০ উইকেট তোলা এমনিতেই চ্যালেঞ্জ। তার উপর ওয়াশিংটন সুন্দরের হ্যামস্ট্রিং চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। বিসিসিআইয়ের ডাক্তাররা দ্বিতীয় টেস্টেও তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না।
ভারতীয় দল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুশীলন করবে। হাতে মাত্র ২ দিন। এর মধ্যে পিচ যদি রোজ বদলায় তাহলে একাদশ বাছাই আরও কঠিন হয়ে যাবে। পিচের পাশাপাশি গলের আবহাওয়ার দিকেও নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের।
মাঠে নামার আগেই কৌশলের লড়াই। পিচ বদলে ভারতকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা শ্রীলঙ্কার। কিন্তু গম্ভীরের টিম কীভাবে জবাব দেয়, সেটাই দেখার। উত্তর মিলবে ১৫ তারিখ প্রথম বল গড়ালে।
