Cricket : শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের আগে কলম্বোয় স্পিন বধে গম্ভীরের কড়া ক্লাস, বিশ্রামে সিরাজ-প্রসিদ্ধরা !
কিউ ইন্ডিয়া বাংলা,স্পোর্টস ডেস্ক :- শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে কলম্বোয় শেষ দিনের মহড়া সারল ভারতীয় দল। শুকনো ও ফাটল ধরা পিচে কুলদীপ-জাডেজাদের স্পিনের সামনে ব্যাটারদের দীর্ঘক্ষণ কঠিন পরীক্ষা নিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। অনুশীলনে সিরাজ, প্রসিদ্ধদের বিশ্রাম দেওয়া হলেও পূর্ণ শক্তিতে চলল শুভমন গিলদের স্পিন-প্রস্তুতি।
* পিচ ও পরিস্থিতি : শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা পিচেই অনুশীলন করেন ভারতীয় ব্যাটারেরা। কার্যত চতুর্থ দিনের ওই শুকনো ও ফাটল ধরা উইকেটে গলের সম্ভাব্য স্পিন-সহায়ক পরিবেশের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হয়েছিল।
* স্পিন আক্রমণ ও নতুন কৌশল : নেটে টানা বল করেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মানব সুতার ও সারাংশ জৈনেরা। ব্যাটারদের অনুশীলনে রাখা হয় বৈচিত্র—কখনও একদম নতুন, কখনও সামান্য পুরনো, আবার কখনও পুরনো বলে চলে ব্যাটিং। পেসারদের মধ্যে শুধু জম্মু-কাশ্মীরের আকিব নবিকে দিয়ে খাটো লেংথে বল করানো হয়।
* ব্যাটিং সমন্বয় : তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় দেবদত্ত পডিক্কলকে, যিনি সম্ভবত সাই সুদর্শনের জায়গায় একাদশে সুযোগ পেতে চলেছেন। কলম্বোয় দলে যোগ দিলেও সরফরাজ় খানের গলে খেলার সম্ভাবনা কম।
* বিশেষ নজরদারি : অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও থ্রো-ডাউন বিশেষজ্ঞরা আলাদা করে ব্যাটারদের মহড়া নেন।
কাজের চাপ কমাতে প্রধান তিন জোরে বোলার মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রারকে এই অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল। মঙ্গলবার কলম্বো ছেড়ে গলের উদ্দেশ্যে রওনা দেবে দল, যেখানে ১৫ অগস্ট থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ।
