Railway : রাশিয়া থেকে সোজা ভারত পর্যন্ত রেলপথ ? মস্কোর নতুন উদ্যোগ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সামুদ্রিক বাণিজ্যিক পথের ওপর নির্ভরতা কমিয়ে স্থলপথে ভারত মহাসাগরে পৌঁছাতে একটি আন্তর্জাতিক রেলপথের প্রস্তাব দিয়েছে রাশিয়া। মস্কোর পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ট্রেনটি তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে সোজা ভারতে প্রবেশ করবে। রুশ উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত ও রাশিয়ার মধ্যে সরাসরি স্থল যোগাযোগ জোরদার করার এই সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
বর্তমানে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ সম্পন্ন হয় বসফরাস ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী দিয়ে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) প্রায় ২০ শতাংশ কেবল হরমুজ প্রণালী দিয়েই পরিবহণ করা হয়। ফলে এসব কৌশলগত জলপথে যেকোনো ধরণের অস্থিরতা তৈরি হলে তা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে।
এই ঝুঁকি এড়াতেই সমুদ্রপথের পাশাপাশি একটি বিকল্প ও নিরাপদ স্থলভিত্তিক ‘ল্যান্ড করিডোর’ গড়ে তুলতে চায় রাশিয়া। এই প্রকল্প সফল হলে রাশিয়া থেকে ভারতে পণ্য পরিবহণ অনেক সহজ ও দ্রুত হবে। একই সাথে এর মাধ্যমে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যেও সরাসরি বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হওয়া সম্ভব। পণ্য পরিবহণের পাশাপাশি ভবিষ্যতে এতে যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনাও উঁকি দিচ্ছে।
পরিকল্পনাটি বাণিজ্যিকভাবে লাভজনক হলেও এর বাস্তবায়ন একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা অতিক্রম করে একাধিক দেশের মধ্য দিয়ে এতো বিশাল অবকাঠামো গড়ে তোলা এক বিরাট চ্যালেঞ্জ। তবুও, এই প্রস্তাব প্রমাণ করে যে রাশিয়া আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে নতুন মাত্রা যোগ করতে এবং ভারতের দিকে তাদের স্থল যোগাযোগ প্রসারিত করতে অত্যন্ত আগ্রহী।
