আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Sumit Roy : সিআইডি দপ্তরে হাজিরার হ্যাট্রিকের দিনই হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন অভিষেকের পিএ সুমিতের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেও নতুন করে একাধিক মামলায় গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে তাঁর মাথায়। টানা তিন দিন ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার পরেই গ্রেপ্তারি এড়াতে সোমবার কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হলেন তিনি। নতুন চারটি মামলায় আইনি রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, ভুয়ো জমি ক্রয়-বিক্রয় এবং আর্থিক কারচুপির অভিযোগে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর এবং হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, যেখানে তাঁকে আদালত কিছুটা স্বস্তি দেয়। কিন্তু পরবর্তীতে আরও চারটি মামলায় তাঁর নাম জড়ানোয় নতুন করে পুলিশি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়।
দীর্ঘদিন পর আত্মপ্রকাশ করে শনিবার, রবিবার এবং সোমবার—পরপর তিন দিন সিআইডি দপ্তরে হাজিরা দেন সুমিত। আদালতে তাঁর আইনজীবীর দাবি, তাঁর মক্কেল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং টানা হাজিরা দিচ্ছেন। এই পরিস্থিতিতে মামলাগুলির দ্রুত শুনানির মাধ্যমে তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ প্রদান করা হোক। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি তুলে ধরে চলতি সপ্তাহেই জরুরি শুনানির প্রার্থনা করা হয়েছে।

পরপর তিন দিন সিআইডির মুখোমুখি হওয়ার পর আইনি সুরক্ষার জন্য সুমিত রায়ের এই তৎপরতা রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা বাড়িয়েছে। আগামী দিনে হাই কোর্ট তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় এবং তিনি আদৌ অন্তর্বর্তী রক্ষাকবচ পান নাকি আইনি জটিলতা আরও গভীর হয়, সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *