Fill The Jails : আসানসোলে বামেদের ‘জেল ভরো’ আন্দোলন, গ্রেপ্তার মীনাক্ষী মুখোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব !
কিউ ইন্ডিয়া বাংলা, আসানসোল :- কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতি, শ্রম কোড বাতিল, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার দাবিতে বামেদের দেশব্যাপী আইন অমান্য ও ‘জেল ভরো’ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোলের পুলিশ লাইন এলাকা। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের তীব্র ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।
আসানসোলের শতাব্দী পার্ক থেকে জিটি রোড ধরে বামেদের বিশাল মিছিল শুরু হয়। আন্দোলনকারীরা ভগৎসিং মোড়ে পুলিশের প্রথম ব্যারিকেড এবং পরবর্তীতে পুলিশ লাইনে দ্বিতীয় ব্যারিকেডটি ভেঙে সামনে এগিয়ে যান। এরপর দক্ষিণ পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ একটি বিশাল দেওয়ালসম তৃতীয় ব্যারিকেড গড়ে তুলে মিছিলটি আটকে দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বিশাল পুলিশ বাহিনী, জলকামান ও দমকল মোতায়েন করে।
কর্মসূচিতে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্ব দেন।
ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলে কলকারখানা ও কোলিয়ারি বন্ধ হচ্ছে, বিদ্যুতের মাশুল বাড়ছে এবং নারীদের ওপর অত্যাচার বাড়ছে—পুলিশি পাহারা দিয়ে এই জনরোষ আটকানো সম্ভব নয়।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায়সহ প্রধান বাম নেতাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে দুটি বাস ও প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আসানসোলের পাশাপাশি বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনেও এদিন বামেদের এই কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
