Vidhan Sabha Gherao : ব্যারিকেড ভেঙে রাঁচিতে হাজার হাজার ছাত্র-ছাত্রীর ‘বিধানসভা ঘেরাও’ অভিযান, রাজপথে তুলকালাম !
কিউ ইন্ডিয়া বাংলা, রাঁচি :- JPSC ও JSSC পরীক্ষায় মারাত্মক অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে হাজার হাজার ছাত্র-ছাত্রী সোমবার ‘বিধানসভা ঘেরাও’ অভিযানে শামিল হন। আন্দোলনকে কেন্দ্র করে সমগ্র রাঁচি শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পরীক্ষায় কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা ঝাড়খণ্ড বিধানসভার অভিমুখে মিছিল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঁচির ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিংয়ের কাছে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে বিশালাকার ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু আন্দোলনকারীদের তীব্র রোশের মুখে ভেঙে পড়ে সেই প্রতিরোধ।
পুলিশের সমস্ত বাধা ও ব্যারিকেড ভেঙে হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থী নিউ অ্যাসেম্বলি বিল্ডিংয়ের দিকে এগিয়ে চলেন। মিছিল আটকাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
পরীক্ষায় স্বচ্ছতা ও দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে অনড় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিউ অ্যাসেম্বলি বিল্ডিং সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর প্রশাসনিক আধিকারিকরা কড়া নজর রাখছেন।
