CID-Sumit : অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে ভবানীভবনে তলব CID-র, শনিবার হাজিরা দেবেন ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জমি প্রতারণা মামলায় ফের বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকাল ১০টায় ভবানীভবনে তলব করেছে CID। শুক্রবার রাতে টালিগঞ্জের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে CID-র টিম।
CID সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনি জমি প্রতারণা মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। সেই কারণেই ভবানীভবনে ডেকে বয়ান রেকর্ড করা হবে।
তবে সুমিত আপাতত অন্তরালে। মাসখানেক আগে শালবনি থানার পুলিশ তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিল। কিন্তু সুমিতকে পাওয়া যায়নি। এরপর মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিস জারি করে।
এদিকে সুমিতের বিরুদ্ধে নতুন করে আরও ২টি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে এখন ৪টি FIR রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে ২টি মামলায় আগাম জামিন পেয়েছিলেন তিনি। রক্ষাকবচ চেয়ে শুক্রবার ফের হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী। কিন্তু বিচারপতি তা খারিজ করে দিয়ে বলেন, তালিকা অনুযায়ীই শুনানি হবে।
উল্লেখ্য, মেদিনীপুরের জেলবন্দি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই সুমিতের নাম উঠে আসে। অভিযোগ, ২০২৬-এর ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। পাশাপাশি শালবনিতে জমি দুর্নীতিতেও অভিযুক্ত তিনি।
CID-র নোটিস হাতে পেলেও সুমিত হাজিরা দেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। একদিকে একাধিক মামলা, অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানা। শনিবার ভবানীভবনে তিনি মুখোমুখি হন কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
