পারদ নামার ইঙ্গিত বঙ্গে
কিউ ইন্ডিয়া বাংলা :- জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ কিছুদিন ধরেই বঙ্গে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধা সৃষ্টি হয়েছিল। তবে সেই ঝঞ্ঝা কাঁটা ধীরে ধীরে সরে যাচ্ছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে ক্রমশ বাড়বে উত্তরের হাওয়ার গতি এবং তার জেরে ধীরে ধীরে ফের কিছুটা কমবে তাপমাত্রা।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল নদিয়ার কল্যাণী। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও পারদ ১২ ডিগ্রির ঘরে নামলেও প্রত্যাশিত ঠান্ডার অনুভূতি সেভাবে পাওয়া যায়নি। ঠান্ডা হাওয়া বইলেও দিনের বেলা চড়া রোদের কারণে শীতের তীব্রতা অনেকটাই কম ছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আজ শুক্রবার থেকেই শুরু হবে হাওয়ার দিক বদলের খেলা। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাজ্যের বিভিন্ন অংশে ফের একবার শীতের অনুভূতি মিলবে। বিশেষ করে পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ধীরে ধীরে তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এই শীতের আমেজ মূলত অনুভূত হবে সন্ধে থেকে রাত পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। আগামী চার থেকে পাঁচ দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
গোটা রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় কোনও জেলাতেই বৃষ্টির খবর নেই। তবে ভোর থেকে সকালের প্রথম দিকে হালকা কুয়াশা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দু’-একটি জায়গায় ভোর ও সকালের প্রথম দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গেও এমনই ঘন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান ছিল কোচবিহার, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।
