Kalighat Trinamool : টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে ‘কালীঘাট তৃণমূল’?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সংসদ ভবনের ক্যান্টিনের দুটি ছবি ভাইরাল হতেই জোর জল্পনা। এক টেবিলে বিজেপির শীর্ষ নেতা জে পি নাড্ডা, অমিত শাহ। পাশের চেয়ারেই ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ সৌগত রায়, শত্রুঘ্ন সিন্হা। তাহলে কি তলে তলে যোগাযোগ বাড়ছে?
ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে জে পি নাড্ডার সঙ্গে একই টেবিলে বসে রয়েছেন সৌগত রায় ও শত্রুঘ্ন সিন্হা। দ্বিতীয় ছবিতে অমিত শাহ ও জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়। পরপর দুদিনের এই ছবি ঘিরেই সরগরম সোশাল মিডিয়া।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “অমিত শাহের সঙ্গে কোনও কথা ক্যান্টিনে হয়নি। জে পি নাড্ডার সঙ্গেও কোনও আলাদা কথা হয়নি। জে পি নাড্ডা ওই একই টেবিলে ছিলেন। যে টেবিলে অমিত শাহ বা বিজেপির সাংসদরা ছিলেন। আমরাই আগে গিয়েছিলাম। ওরা পরে গিয়েছিল।”
‘কালীঘাট তৃণমূল’ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, সেই প্রশ্নের উত্তরে সৌগত রায়ের মন্তব্য, “না না, বিজেপির লোকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। যারা বিজেপিতে গিয়েছে তাদের আমরাই বলছি চলে এসো।”
অন্যদিকে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া বারাসতের প্রাক্তন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “আমি ছবিটা পাওয়ার পর ভাল করে দেখলাম। একটা হয়তো ক্যান্টিনে হতে পারে। কিন্তু আর একটা অ্যানেক্সে। হয়তো ওঁরা কোনও পরিকল্পনা করছেন। তার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। একটা জায়গায় দেখলাম, ওঁরা সরাসরি আলোচনা করছেন প্রাক্তন সভাপতি বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় জে পি নাড্ডার সঙ্গে। আর একটা জায়গায় দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও রয়েছেন। হয়তো ওঁর সঙ্গে কোনও আলোচনা চলছে। এমন তো রাজনীতিতে হয়। এটা ডাবল ট্র্যাক।”
ক্যান্টিনের নিছক সাক্ষাৎ, নাকি রাজনৈতিক বার্তা? সৌগত রায় উড়িয়ে দিলেও কাকলি ঘোষ দস্তিদারের “ডাবল ট্র্যাক” মন্তব্য জল্পনা আরও বাড়িয়েছে। ‘কালীঘাট তৃণমূল’-এর একাংশ কি বিজেপির কাছাকাছি আসছে, উত্তর এখন সময়ই দেবে।
